ছবি: সংগৃহীত
পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে জরুরি ভার্চুয়াল বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (০২ ফেব্রুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার এ তথ্য জানায়।
গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার (০১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করে। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির এক চূড়ান্ত বৈঠকের পর নেয়া হয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান দল টুর্নামেন্টে অংশ নিতে পারলেও ভারতের বিপক্ষে মাঠে নামার অনুমোদন দেয়া হয়নি।
আইসিসি জানিয়েছে, এখনও তারা পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি বা যোগাযোগের অপেক্ষায় আছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় আইসিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মতে, নির্বাচিত ম্যাচে অংশগ্রহণ না করা বিশ্বমানের ক্রীড়া আসরের মৌলিক নীতির পরিপন্থী এবং প্রতিযোগিতার চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।
আরও পড়ুন <<>> এবার ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা
আইসিসি পাকিস্তান সরকারের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছে। সংস্থার মতে, এ অবস্থান ক্রিকেট এবং বিশ্বব্যাপী খেলোয়াড় ও ভক্তদের স্বার্থের জন্য ক্ষতিকর।
জরুরি বৈঠকে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার কথাও আলোচনা হতে পারে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপ। ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা। পাকিস্তানের সঙ্গে অন্যান্য দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা। পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ।
বয়কট হওয়া ম্যাচের কারণে সম্প্রচারক ও বাণিজ্যিক অংশীদারদের আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দিতেও পিসিবিকে দায়ী করা হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































