ছবি: আপন দেশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ আদায়ে তুলনামূলকভাবে দুর্বল। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণে এগিয়ে থাকলেও সঠিক গ্রাহক বাছাই করতে না পারলে ঋণ অনাদায়ী হওয়ার ঝুঁকি থাকে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ব্যাংক যদি আমানত সংগ্রহ করেও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে না পারে, তবে সে অর্জন সীমিত হয়ে যায়। সোনালী ব্যাংক এখন সতর্কতার সঙ্গে ঋণ বিতরণ করছে। তবে এখন সময় এসেছে আরও সাহসীভাবে ঋণ কার্যক্রম সম্প্রসারণের।
গভর্নর বলেন, কনজিউমার লেন্ডিং ও হাউজ লেন্ডিং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ খাত হলেও দেশের সরকারি ব্যাংকগুলো এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে কনজিউমার লেন্ডিংয়ে বড় পরিসরে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও অগ্রগতি সীমিত।
আরও পড়ুন <<>> বাড়ল এলপি গ্যাসের দাম
সোনালী ব্যাংককে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যাংকটি আংশিকভাবে কমার্শিয়াল ব্যাংকিং নীতিতে পরিচালিত হচ্ছে। এটিকে আরও বিস্তৃতভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
গত বছরের মুনাফা প্রসঙ্গে গভর্নর বলেন, এ আয় ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি পূরণে সহায়ক হবে। ভবিষ্যতে সোনালী ব্যাংক লভ্যাংশ দিতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































