ছবি: আপন দেশ
নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালিয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ তোলে দলটি। পরে বিকেলে সাংবাদিকদের বিষয়টি জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন <<>> নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান
এনসিপির পক্ষ থেকে সিইসির কাছে দেয়া লিখিত অভিযোগে সাম্প্রতিক আটটি ঘটনার উল্লেখ করা হয়। দলটির নির্বাচন পরিচালনা কমিটির অভিযোগ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন প্রার্থী বাছাই প্রসঙ্গে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের কথা বলেছেন। এতে এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।
একই সঙ্গে, গত ৩১ জানুয়ারি কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দেশব্যাপী হামলার ধরন বিশ্লেষণ করলে একটি নির্দিষ্ট দলের পরিকল্পিত সম্পৃক্ততার চিত্র পাওয়া যাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































