ছবি : আপন দেশ
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতকে উদ্দেশ্য তিনি বলেছেন, ‘তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম।’
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান জানিয়ে তারেক রহমান বলেন, ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে।’
তিনি বলেন, ‘বিএনপির অতীতে রাষ্ট্র পরিচালনায় ছিলাম। আগামী দিনে সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশকে পুনর্গঠন করা। শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো, যাতে তাদের কারও মুখাপেক্ষী হতে না হয়। শিল্পনগরী মৃতনগরীতে পরিণত হয়েছে। বিএনপি সরকার গঠন করলে জীবিত শিল্প নগরী হিসেবে খুলনাকে গড়ে তুলব। সেখানেও নারীদের কর্মসংস্থান তৈরি হবে। তরুণদের জন্য আইটি পার্ক গড়ে তুলব। কৃষকদের কৃষি কার্ড দিতে চাই।’
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে। ছলচাতুরীর চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন : প্রায় ২ লাখ পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
তিনি বলেন, ‘১৬ বছর অনেক আন্দোলন করেছি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনেও একই অবস্থা ছিল। এখন সময় এসেছে। ১২ তারিখে মানুষ তার অধিকার প্রয়োগ করবে।’
তিনি আরও বলেন, ‘দেশকে পুনর্গঠনের প্রতীক ধানের শীষ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার অভিজ্ঞতা বিএনপির আছে। একইসঙ্গে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করার অভিজ্ঞতা আছে বিএনপির।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































