ফাইল ছবি
পবিত্র শবে বরাত উদযাপিত হবে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। এ উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত-বন্দেগি, নফল নামাজ ও জিকিরে অংশ নেবেন। ধর্মীয় অনুষ্ঠান যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এ উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। শবে বরাতের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার ও বুধবার পর্যন্ত র্যাব মাঠে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাসহ সারাদেশে ইউনিফর্মে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন রাখা হয়েছে। স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
শবে বরাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন <<>> নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার বা গুজব ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাহিনী প্রস্তুত আছে।
শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপনে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে র্যাব কন্ট্রোল রুমের ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেছে র্যাব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































