ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ (০১ ফেব্রুয়ারি) আসতে পারে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক (পিসিবি) সূত্র জানিয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।
সূত্র জানায়, স্থানীয় সময় রোবাবর সন্ধ্যা ৬টায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ মানেনি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
বাংলাদেশ বাদ পড়ার পরই পাকিস্তানের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত ২৬ জানুয়ারি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
পিসিবি সূত্র জানায়, আজকের বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অংশগ্রহণ চূড়ান্ত হলে জাতীয় দলের বিশ্বকাপ জার্সিও প্রকাশ করা হবে। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এর আগে জার্সি উন্মোচন স্থগিত রাখা হয়েছিল।
বিশ্বকাপে না খেললে বিকল্প পরিকল্পনাও রেখেছে পিসিবি। সে ক্ষেত্রে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হয়েছে। পাকিস্তান অনূর্ধ্ব-১৮ দল ও শাহিনস অনূর্ধ্ব-১৮ দল থেকে খেলোয়াড় ভাগ করে চারটি দল গঠন করা হবে।
আরও পড়ুন <<>> নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগ্রেসরা
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন চলছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয়ার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও।
কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালেও বিসিসিআইয়ের নির্দেশনায় পরে তাকে বাদ দেয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি ওঠে।
এ পরিস্থিতি দক্ষিণ এশীয় ক্রিকেটের আগের উত্তেজনার স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০২৩ এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজনৈতিক কারণে ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করা হয়েছিল। সে চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা রয়েছে।
এ নীতির আলোকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































