ফাইল ছবি
ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ বর্জন হুমকি, আইসিসির কড়া অবস্থান ও পিসিবির নীরবতায় বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা বাড়ছেই সমাধানের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট।
আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এ ম্যাচটি বয়কট করবে। যদিও এ হুমকি ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটেনি বরং পরিস্থিতি এখনো যেখানে ছিল সেখানেই থমকে আছে। এর মধ্যেই বিকেল থেকে ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে আইসিসির জরুরি বোর্ড সভার খবর আসে। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত সভার কোনো অগ্রগতি নেই।
এদিকে ক্রিকেট–বিশ্বে একের পর এক বিতর্কিত ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণার পরই এমন প্রতিক্রিয়া দিলেন তিনি। থারুরের মতে, এভাবে চলতে পারে না, দ্রুত সমাধান প্রয়োজন।
আরও পড়ুন<<>>পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে আইসিসির কত ক্ষতি
ক্রিকবাজ আইসিসির ১৬ সদস্যের বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে জেনেছে, কোনো জরুরি সভার ব্যাপারে তারা অবহিত নন। এদিকে ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠিই দেয়নি। এখন পর্যন্ত পাকিস্তানের হাতে সম্বল বলতে পাকিস্তান সরকারের একটি ‘এক্স’ পোস্ট। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কখনোই দাফতরিক যোগাযোগ হিসেবে গণ্য করা হয় না। আইসিসি রোববার রাতেই এক কড়া বিবৃতিতে জানিয়ে দিয়েছে, বিশ্ব আসরে বাছবিচার করে খেলার সুযোগ নেই। বল এখন পুরোপুরি পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে সংস্থাটি।
আইসিসি বিবৃতিতে বলেছে, পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে আইসিসি। তবে বৈশ্বিক আসরে বাছবিচার করে খেলার অবস্থান মেনে নেয়া কঠিন। আইসিসির টুর্নামেন্টগুলো সততা, প্রতিযোগিতা ও নিরপেক্ষতার ওপর ভিত্তি করে আয়োজিত হয়। এ ধরনের আচরণ টুর্নামেন্টের পবিত্রতা ক্ষুণ্ণ করে।
ক্রিকবাজের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, শেষ পর্যন্ত পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসবে এবং আইসিসির নিয়ম মেনেই খেলবে। তারা সেখানে উদাহরণ টেনেছে গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের একটি ম্যাচকে। যেখানে সারা দিন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শুরুর মাত্র আধাঘণ্টা আগে খেলার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। কলম্বোর ভারত-পাকিস্তানের ম্যাচের এখনও দুই সপ্তাহ বাকি। তাই পাকিস্তান আবারও ‘ইউ-টার্ন’ নেবে কি না, তা সময়ই বলে দেবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































