Apan Desh | আপন দেশ

‘জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে’

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

‘জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে’

সামাজিক যোগাযোগমাধ্যমে দলের আমীরের অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৫ আসনের মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ দাবি করেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাক করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রমাণ করে এটি পরিকল্পিত একটি কৌশল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কাউকে 'রাজাকার' বা 'জঙ্গি' আখ্যা দেয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। মানুষ এখন রাজনৈতিক দ্বিচারিতা সম্পর্কে সচেতন।

বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো নারী কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, নারী কর্মীদের বোরখা ও হিজাব টেনে খুলে দেয়া হচ্ছে এবং শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। এসব ঘটনায় তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন।

গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের সহিংস রাজনীতি দেশের ভবিষ্যতের জন্য ভয়ংকর বার্তা দিচ্ছে। শেরপুরে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার ঘটনাও এরই অংশ। নির্বাচনের আগে এ ধরনের হত্যাকাণ্ড এবং হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।

আরও পড়ুন <<>> জনগণ ইতোমধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে: জামায়াত আমীর

সমাপনী বক্তব্যে তিনি হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি না করার আহবান জানান। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ পাকিস্তান হয়ে যাবে এমন প্রচারণা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ এবার পুরনো বিতর্কে কান দেবে না, তারা বাস্তব পরিবর্তনের পক্ষে রায় দেবে।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় জামায়াত, ছাত্রশিবির ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়