শিগগিরই শুরু হচ্ছে মাদক নির্মূল অভিযান
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় মানবপাচার প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।
০৪:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার