ছবি: আপন দেশ
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণকে সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
আমীর খসরু বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়ানো জরুরি। এজন্য ট্যাক্স বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বাড়ানো ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানার জেলেপাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২–এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন।
আরও পড়ুন <<>> যথা সময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল
পরিদর্শনের সময় হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমির অবস্থান ঘুরে দেখেন।
এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান জমির ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শনকালে অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নিয়ে ভোলা এবং সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































