Apan Desh | আপন দেশ

আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ১১ মার্চ ২০২৬

আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে

ছবি: আপন দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে পারার হতাশা কাটিয়ে ফের মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। 

উভয় দলের জন্য ওয়ানডে সিরিজটা নতুন শুরু! টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের প্রতিক্রিয়া হিসেবে ৬ নতুন খেলোয়াড় নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। অপরদিকে স্বাগতিক বাংলাদেশও রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বকাপ মিস করে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। এ সিরিজটাকে দুই দলই মনে করছে উন্নতির মঞ্চ হিসেবে। 

সম্প্রতি বেশ কিছু টি–টোয়েন্টি খেলার পর আবারও ওয়ানডেতে ছন্দে ফিরতে বাংলাদেশের জন্য এইসিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে র‌্যাংকিংয়ের হিসেব-নিকেশ তো থাকছেই। 

এমন গুরুত্বপূর্ণ সিরিজে মিরপুরের প্রথাগত ধীরগতির ও নিচু উইকেট হয়তো এবার দেখা যাবে না। বরং বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভালো ব্যাটিং সহায়ক উইকেটে খেলার ওপর জোর দিচ্ছে বিসিবি। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মিরাজও বলেছেন, বিশ্বকাপে উইকেট সাধারণত খুব ভালো থাকে। তাই এখন থেকেই সে অভ্যাস গড়ে তুলতে চাই। ২০২৭ বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ রয়েছে। পরিকল্পনা হচ্ছে যত বেশি সম্ভব ভালো উইকেটে খেলা। এতে আমাদের ভালো অভিজ্ঞতা হবে। একই সঙ্গে যোগ্যতা অর্জনের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই যেসব দলের বিপক্ষে খেলবো, তাদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা নেয়ার চেষ্টা করবো।

আরও পড়ুন<<>>ক্রিকেট খেলতে বেলজিয়াম যাচ্ছেন সাকিব

পাকিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ২০১৫ সালের পর। সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলে গেছে পাকিস্তান। সে সিরিজে ২–১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।

পরিসংখ্যান অনুযায়ী দুই দল ৩৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টি, আর বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচটি। তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালের পর।

যদিও মিরাজদের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স হতাশাজনক, কিন্তু ঘরের মাঠ হওয়ায় সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি, ঘরের মাঠে খেললে যেকোনও দলই বাড়তি অনুপ্রেরণা পায়। এটা স্বাভাবিক বিষয়। কোথায় খেলছি সেটা বড় বিষয় নয়। আমার মনে হয় বাংলাদেশ ভালো দল এবং তারা নিজেদের মাঠে খুব ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজসহ বেশ কয়েকটি দলকে হারিয়েছে। আমরাও দল হিসেবে প্রস্তুত।

অধিনায়ক হিসেবে প্রথম দুটি সিরিজ জয়ের পর হ্যাটট্রিক সিরিজ জয়ের আশা শাহীন আফ্রিদির। প্রোটিয়াদের ২-১ ব্যবধানে এবং শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছে। শাহীন সে ধারাহিকতা মিরপুরেও ধরে রাখতে চাচ্ছেন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের শেষ দুটি ওয়ানডে সিরিজে জয় এসেছে। তাই আমরা সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

এ ম্যাচে পাকিস্তান ৪ জনকে অভিষেক করাবে। এক ম্যাচে এতজনকে অভিষেক করার ঘটনা পাকিস্তান দলে ঘটতে যাচ্ছে ২০০৮ সালের পর প্রথমবার। বাংলাদেশও কৌশলগত পরিবর্তন থাকছে। ওয়ানডেতে বাজে ফর্মের পরও ব্যাটিং অর্ডারে ৫ নম্বরে নামবেন লিটন দাস। নির্বাচকদের আশা, স্পিনের বিপক্ষে তার দক্ষতা বেশ কাজে দেবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়