Apan Desh | আপন দেশ

হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট সাময়িক স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট সাময়িক স্থগিত

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাস নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। 

এতে বলা হয়েছে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন<<>>অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, অচল চট্টগ্রাম বন্দর

এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা। পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত থাকলেও, ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘটনায় আবার আন্দোলনে ফেরেন তারা। দুদিনের বিরতির পর রোববার থেকে পুনরায় লাগাতার ধর্মঘট শুরু হলে বহির্নোঙরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ না নেয়ার নিশ্চয়তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়