ছবি: আপন দেশ
দেখতে দেখতে শেষ হয়ে এলো পবিত্র মাহে রমজান। এখন চলছে শেষের দশক। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন বলে জানা গেছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে জামাতে অংশ নিতে পারেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন<<>>ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে বিঘ্ন না ঘটে, সে জন্য প্যান্ডেলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ঈদগাহ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ মার্চ) ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































