Apan Desh | আপন দেশ

শীর্ষ সন্ত্রাসীসহ সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শীর্ষ সন্ত্রাসীসহ সহযোগী গ্রেফতার

ছবি: আপন দেশ

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম। তিনি আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলায় পলাতক ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে এবং তার এক সহযোগী গ্রেফতার করে র‌্যাব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।

গ্রেফতারের সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, মঙ্গলবার র‌্যাবের একটি আভিযানিক দল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী।

ইমতিয়াজ সুলতান এক সময় রিচ কিডস নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন। দীর্ঘ সময় তিনি মধ্যপ্রাচ্যে অবস্থান করেন। তবে দেশে আসা–যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীর থেকে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়ার অপর ব্যক্তি আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত গাড়িচালক। তিনি চাঁদার অর্থ উত্তোলনে সহায়তা করতেন।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার, আটক-৫

র‌্যাব আরও জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে অতর্কিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা। অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ ইকরাম ছিল তার অনুসারী। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। 

গ্রেফতারকৃত সন্ত্রাসী ইকরামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা,  নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়