ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনায় নেমেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বর্তমানে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা দল বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা করছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করছেন, দল সংখ্যা বাড়ানো হলে বিশ্বকাপ আরও অন্তর্ভুক্তিমূলক হবে। তার ভাষায়, বিশ্বকাপ একটি বৈশ্বিক উৎসব। বেশি দল অংশ নিলে বিশ্বের আরও বেশি দেশ এ আয়োজনের অংশ হতে পারবে।
ফিফার আশা, নতুন এ পরিকল্পনার মাধ্যমে টুর্নামেন্টের বৈশ্বিক বিস্তার আরও বাড়বে। একই সঙ্গে রাজস্ব আয় ও দর্শকসংখ্যাও বৃদ্ধি পাবে।
২০৩০ বিশ্বকাপ মূলত স্পেন, পর্তুগাল ও মরক্কোতে আয়োজন হওয়ার কথা রয়েছে। এছাড়া শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে দল সংখ্যা ৬৪ উন্নীত হলে বড় ধরনের অবকাঠামোগত ও লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ম্যাচ সংখ্যা বেড়ে যাবে। ভ্রমণ, স্টেডিয়াম ও সূচি ব্যবস্থাপনাও কঠিন হয়ে উঠতে পারে।
এ কারণে ফিফা এখনও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন<<>> হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে গেল ঋতুপর্ণারা
অন্যদিকে ক্লাব বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর আয়োজনের বিষয়েও আপাতত ভাবছে না ফিফা। ইনফান্তিনো জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এমন আয়োজন পরিচালনা করা কঠিন। পাশাপাশি ক্লাবগুলোর স্বার্থও বিবেচনায় রাখতে হবে।
ফিফা প্রধানের মতে, বিশ্বকাপের দল সংখ্যা বাড়ানো গেলে ফুটবল আরও বেশি দেশের কাছে পৌঁছাবে। একই সঙ্গে বিশ্বকাপকে আরও জনপ্রিয় ও বৈশ্বিক করে তোলা সম্ভব হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































