Apan Desh | আপন দেশ

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে গেল ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২১ মে ২০২৬

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে গেল ঋতুপর্ণারা

ছবি: বাফুফে

দুয়ারে দাঁড়িয়ে আরও একটি সাফ নারী চ্যাম্পিয়নশিপের আসর। সোমবার (২৫ মে) ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এ টুর্নামেন্ট। টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন।

সে লক্ষ্য সামনে রেখে থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং সেন্টারে নিবিড় প্রস্তুতি শেষ করেছে বাটলারের দল। প্রস্তুতি ক্যাম্প শেষে বৃহস্পতিবার (২১ মে) সকালে ব্যাংকক থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের মেয়েরা।

গোয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ঋতুপর্ণা চাকমা বলেছেন, আমরা এখানে দুই সপ্তাহ তীব্র গরম ও রোদের মধ্যে অনুশীলন করেছি। সবাই এখন প্রস্তুত। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা। শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই দল প্রস্তুত। এখানে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেগুলো টুর্নামেন্টে আমাদের অনেক সাহায্য করবে।

এরপর দেশবাসীর সমর্থন চেয়ে এ তারকা ফুটবলার বলেন, দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেভাবে আমাদের সমর্থন দিয়ে আসছেন, আগামী দিনেও যেন একইভাবে পাশে থাকেন। আপনাদের এই সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। আমরা চেষ্টা করবো, যেন দেশবাসীকে নিরাশ না করি।

আরও পড়ুন<<>>আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন ফাহাদের

২৮ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ জুন স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল আসরের আগে ব্যাংককে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্প থেকে দল অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন কোচ পিটার জেমস বাটলার।

পিটার জেমস বাটলার বলেন, বাফুফের সদস্যদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। তাদের প্রচেষ্টাতেই আমরা এ প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পেয়েছি। ক্যাম্পটি ছিল এক ঝলক তাজা বাতাসের মতো। এখানে যেমন অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও চোখে পড়েছে। তবে বাস্তবতা হলো, ভালো দিকের চেয়ে খারাপ দিক থেকেই শেখার সুযোগ বেশি থাকে। সব মিলিয়ে ক্যাম্পটি দারুণ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও আমরা এমন প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পাব।

এরপর আশাবাদ ব্যক্ত করে ইংলিশ কোচ বলেন, ভবিষ্যতের কথা ভাবলে আমার ভালো লাগে এ ভেবে যে, আমি থাকি বা অন্য কেউ দায়িত্বে আসুক—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা সবাই মিলে এমন একটি ভিত্তি গড়ে তুলছি, যা আগামী দিনের সাফল্যের পথ আরও সুগম করবে। সেটা সাফ চ্যাম্পিয়নশিপ হোক কিংবা এশিয়ান কাপ—যেকোনো পর্যায়েই এ ভিত্তি দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়