ছবি: আপন দেশ
খুলনা নগরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে যুবদলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এসময় তাকে বাঁচাতে আসায় আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনাটি নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরের লবণচরা থানার পুটিমারী বাজার এলাকার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি। তিনি ইউনিয়ন যুবদলের নেতাও। অপর গুলিবিদ্ধ ব্যক্তি জাহিদ। আহত দুই জন বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপির কার্যালয়ের ভেতরে বসে ছিলেন। এসময় পারভেজ নামের এক ব্যক্তি সেখানে প্রবেশ করেন।
স্থানীয়দের দাবি, পারভেজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এক পর্যায়ে মাসুম বিল্লাহ ও পারভেজের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে কার্যালয়ের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়।
আরও পড়ুন <<>> বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঘটনার পর পারভেজ দ্রুত সেখান থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা কার্যালয়ের ভেতরে গিয়ে মাসুম বিল্লাহকে বাঁ পায়ে এবং জাহিদকে ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এরপর তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন জানান, মাসুম বিল্লাহ ও পারভেজ একে অপরের পূর্ব পরিচিত। কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। পরে পারভেজ বাইরে থেকে পিস্তল এনে মাসুম বিল্লাহকে গুলি করেন। এসময় তাকে বাঁচাতে গেলে জাহিদও গুলিবিদ্ধ হন।
পুলিশ জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































