ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল ও স্পেন মুখোমুখি হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। একই সঙ্গে তিনি সে ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করার স্বপ্নও দেখেছেন। এমন তথ্য প্রকাশ করেছে এমএসএন ও ইয়াহু স্পোর্টস।
তবে ৩৪ বছর বয়সী নেইমার এ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এখনো অনিশ্চিত। দীর্ঘদিন ধরেই তিনি চোট সমস্যায় ভুগছেন। বিশেষ করে হিলালে থাকার সময় বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।
এদিকে ব্রাজিলে একাধিক তরুণ আক্রমণভাগের খেলোয়াড় নিয়মিত সুযোগ পাওয়ায় তার জন্য দলে ফেরা আরও কঠিন হয়ে উঠেছে।
তবুও আশাবাদী এ ব্রাজিলিয়ান সুপারস্টার। সাংবাদিক ব্রুনো ফর্মিগার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপকালে তিনি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও স্পেনের মুখোমুখি হওয়ার কল্পনা করেন। সে ম্যাচে ব্রাজিলের ৩-১ ব্যবধানে জয়ের কথাও বলেন তিনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা দিলে নেইমার সংক্ষেপে বলেন, স্বপ্ন তো দেখতেই হয়, তাই না?
আরও পড়ুন <<>> মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’
অন্যদিকে কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, শুধুমাত্র খ্যাতির ভিত্তিতে কাউকে দলে নেয়া হবে না। ব্রাজিলের কোচ হিসেবে তিনি বলেন, নেইমার সাম্প্রতিক সময়ে উন্নতি করেছেন। সান্তোসে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় তার প্রশংসাও করেন তিনি।
তবে বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট থাকতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে বলেও জানান আনচেলত্তি।
সান্তোসে ফিরে কিছুটা ঝলক দেখালেও নেইমারের ফিটনেস নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। গত দুই মৌসুমে একাধিকবার চোটে পড়ায় তার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































