Apan Desh | আপন দেশ

সৌদি আরবে প্রথম শিরোপা জয়ে উচ্ছ্বসিত রোনালদো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ২২ মে ২০২৬

সৌদি আরবে প্রথম শিরোপা জয়ে উচ্ছ্বসিত রোনালদো

ছবি সংগৃহীত

২০২৩ সালের শুরুতে ইউরোপের জৌলুসপূর্ণ ফুটবল ছেড়ে এশিয়ায় পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে। তারপর থেকেই শিরোপার সন্ধানে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। তিন বছর পর সে অপেক্ষার অবসান ঘটেছে। সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে দামাককে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে আল-নাসর। ম্যাচে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। 

বৃহস্পতিবার (২১ মে) আল-আওয়াল পার্কে একাদশ শিরোপা জিতে নেয় আল নাসর। এর আগে সবশেষ তারা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। আরেক ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারানো আল হিলাল ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।

রোনালদোরা শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল কমেই। তবে নিজেদের গুছিয়ে নিয়ে টানা আক্রমণ শুরু করে নাস্র। ফলও আসে। ৩৪ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে হেডে গোলটি করেন সাদিও মানে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাসর। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি উইঙ্গার কোমান।

ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান মোরলায়ে। যদিও তাদের সে একটু স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। ৬৩ মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন রোনালদো।

আর ৮১ মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়। এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি। রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৭৩টি।

শেষ দিকে একসঙ্গে রোনালদো ও মানে মাঠ ছাড়লেও শিরোপা জিততে কোনও সমস্যাই হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়