Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১০, ২২ মে ২০২৬

আপডেট: ১৭:১১, ২২ মে ২০২৬

বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সিরিজের শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে লাল বলের এ ম্যাচ। এরপর একই মাঠে শুরু হবে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই।

একদিনের আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়ার পর দুই দল যাবে বুলাওয়েতে। সেখানে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই।

এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সে সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে দুই সিরিজেই ২-১ ব্যবধানে হেরে হতাশ হয়ে দেশে ফিরতে হয়েছিল দলকে।

এবার সে তিক্ত স্মৃতি ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। আগের ব্যর্থতা কাটিয়ে সফল সফর শেষ করার সুযোগ দেখছে দলটি।

আরও পড়ুন <<>> নতুন বান্ধবী নিয়ে নৈশভোজে ইয়ামাল

প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি বলেছেন, বাংলাদেশের এ সফর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের ম্যাচ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ সিরিজ উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাম্প্রতিক বিশ ওভারের বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় জিম্বাবুয়ের ক্রিকেট অঙ্গনেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। হারারে ও বুলাওয়ের দর্শকদের সমর্থন দলকে আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়