ছবি: আপন দেশ
দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ২৬১ জন। আর গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে আট হাজার ৩২৯ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ৪১১ জন।
আরও পড়ুন <<>> হাম রোগীদের ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দিচ্ছে গণস্বাস্থ্য
মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নয় জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জন মারা গেছেন। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের।
আপন দেশ/এসএস




































