ছবি: আপন দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে।
শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনের হাতে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়। নিহতদের পরিবারকে প্রতিজন ৫ লাখ টাকা করে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা দেয়া হয়। এছাড়া আহতদের ২-৩ লাখ টাকা করে মোট ৫৯ লাখ টাকা দেয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশু পরিবহন একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রতিবছর ঈদযাত্রায় ভোগান্তি দেখা দেয়। তবে জনসচেতনতা, সবার সহযোগিতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবার যাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।
তিনি জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়ক উন্নয়নের কাজও চলমান রয়েছে।
তিনি আরও জানান, প্রতি বছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর প্রধান কারণ হিসেবে তিনি অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সাধারণ মানুষের অসচেতনতাকে উল্লেখ করেন। এসব সমস্যা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন <<>> রামিসা হত্যা: বিচারের দাবিতে মিরপুর সড়কে অবরোধ
মন্ত্রী বলেন, যেসব পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়েছেন, সে পরিবারগুলোর সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ কুমিল্লা সার্কেল। এতে আরও যুক্ত ছিল সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































