ছবি: আপন দেশ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তেজিত জনতা।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর তারা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগান দেন। পাশাপাশি তাদের কণ্ঠে শোনা যায়, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
বিক্ষোভকারীদের দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা বলেন, সাত দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। তাদের অভিযোগ, দেশে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে।
এর আগেও গত ২১ মে রাতে একই দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন <<>> রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
গত ১৯ মে সকালে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুমের চেষ্টাও করা হয়েছিল। পরে ফ্ল্যাটের ভেতর থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































