ছবি: আপন দেশ
রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ঝটিকা মিছিলের প্রস্তুতি এবং কর্মসূচি পালনের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক।
জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগ সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মী রয়েছেন। এলাকায় যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন <<>> আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, স্ট্যান্ড রিলিজ ১৬
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের পরিকল্পনা করছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেয়ার পরিকল্পনাও ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































