ছবি-আপন দেশ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীরা থানায় অবস্থান করছেন।
শুক্রবার (২২ মে) বেলা দুইটার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়া হয়েছে।
পোস্ট বলা হয়েছে, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।
পোস্টে আরও বলা হয়, তিনজনের মাথা ফাটিয়ে দেয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
আরও পড়ুন : রামিসা হত্যা : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
নাসীরুদ্দীন বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি।
তারা আরও জানান, এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
আপন দেশ/এসএস/এসএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































