Apan Desh | আপন দেশ

যমুনার ভাঙন ঠেকাতে টাঙ্গাইলে বেড়িবাঁধ নির্মাণ হবে: পানিসম্পদমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ২২ মে ২০২৬

যমুনার ভাঙন ঠেকাতে টাঙ্গাইলে বেড়িবাঁধ নির্মাণ হবে: পানিসম্পদমন্ত্রী

ছবি: আপন দেশ

যমুনা নদীর ভাঙন রোধে টাঙ্গাইলে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ উদ্যোগ আগামী অর্থবছর থেকেই বাস্তবায়ন শুরু হবে।

শুক্রবার (২২ মে) বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকায় যমুনা নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিদর্শন শেষে মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এবং জনস্বার্থে যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী অর্থবছরেই এর কাজ শুরু হবে।

তিনি জানান, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে। যমুনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই নিজে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন বলে উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার কাজ করছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে জনগণের স্বার্থে।

আরও পড়ুন <<>>রামিসা হত্যার বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেয়া হবে। স্থানীয় উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়