হাসনাত আব্দুল্লাহ
সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সে আস্থা আর থাকবে না। আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।
আরও পড়ুন<<>>মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী
হাসনাত আরও বলেন, মানুষ বলছে এ সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































