ছবি: আপন দেশ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে দায়ী করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর মধ্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং রাশেদ খাঁনসহ আরও একজনের নাম উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন জেলা কোর্ট এলাকার কাছে এ ঘটনা ঘটে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এসব অভিযোগ করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় হামলা শুরু হয়। তার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। প্রথমে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয়।
আরও পড়ুন <<>> নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম-ইট নিক্ষেপ
তিনি বলেন, এ ঘটনায় তিনজনের মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হন। তাকে এবং তারেক রেজাকে লক্ষ্য করে কিলঘুষিও মারা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি অনুযায়ী, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগও ছিনিয়ে নেয়া হয়। তিনি জানান, ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে থানার সামনে আবারও হামলার আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।
এর আগে জুমার নামাজের পর জেলা কালেক্টর মসজিদের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































