Apan Desh | আপন দেশ

বীমা খাতে উৎকর্ষতার স্বীকৃতি দিল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

বীমা খাতে উৎকর্ষতার স্বীকৃতি দিল আইডিআরএ

ড. এম. আসলাম আলম ও নাজমা মোবারেক। ছবি: সংগৃহীত

‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করা এবং গ্রাহকের আস্থা সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। 

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি. এম. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং “আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আইডিআরএ’র সাম্প্রতিক সংস্কার কার্যক্রম তুলে ধরা হয়।

আরও পড়ুন<<>> ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

পরে বীমা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করা হয়। নন-লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি এবং লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম হয় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ)। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বক্তব্যে দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, আইনের প্রতি আনুগত্য এবং গ্রাহকসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বীমা খাত দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আইডিআরএ আশা প্রকাশ করেছে, এই সম্মাননা বীমা খাতে ইতিবাচক পরিবর্তন, উৎকর্ষতা ও গ্রাহক আস্থা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথি, অ্যাওয়ার্ডধারীসহ আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। ছবি: সংগৃহীত

বিশেষ অতিথির বক্তব্যে নাজমা মোবারেক বলেন, সরকার বীমা খাতকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চায়। এ ক্ষেত্রে ডিজিটাইজেশন ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. আসলাম আলম বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে বীমা খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়