Apan Desh | আপন দেশ

নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই দারুন ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। অপ্রতিরোধ্য গতিতে ছুটে একের পর এক জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। টানা পাঁচ জয়ে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে তুলনামুলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে  গন্তব্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক জ্যোতি।  

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। পঞ্চম ব্যাটার রবিন রিজকি ৪৫ বলে ৩৯ এবং সাতে নামা সানিয়া খুরানা ৩৭ বলে করেছেন ৪৩ রান। ফলে টেনেটুনে দলীয় একশ পেরোয় ডাচ মেয়েরা। বিপরীতে বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার মাত্র ১০ রানের বিনিময়ে ৩ এবং মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান। এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে বাছাইপর্বের সাত ম্যাচেই জয় পেল বাংলাদেশ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়