ছবি: আপন দেশ
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল থেকে জামায়াত আমীরকে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করা হয়। মধুর ক্যান্টিন থেকে এ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়।
মিছিলে ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, ... ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় ...’সহ ইত্যাদি স্লোগান দেয়া হয়।
কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাকে (জামায়াত আমীর) অবশ্যই অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে এ বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধুমাত্র নারীসমাজ নয়, এ বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অনেকে বলেন ওনার আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি আসলে ওনার মাথা হ্যাক হয়েছে এবং ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন।
এর আগে তিনবার নির্বাচন করে জামায়াতের আমীর সর্বমোট ৪১ হাজার ভোট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন তিনি দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গোনে না। সেজন্য তিনি ঢাকা এসে ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্যান্য নেতারা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































