মোস্তফা কামাল : ফাইল ছবি
সাবেক খেলোয়াড়, কোচ ও সংগঠক মোস্তফা কামাল আর নেই। রোববার (০১ ফেব্রয়ারি) ভোরে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন ৮৮ বছর বয়সী কামাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মোস্তফা কামাল। তবে শেষ সময়ে বাসায় ছিলেন তিনি।
মোস্তফা কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ষাটের দশকে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবল খেলেছেন। পরবর্তীতে ভলিবলই ছিল তার ধ্যান-জ্ঞান। খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হন। তিনি ভলিবল ফেডারেশনে সহ-সভাপতি ছিলেন দীর্ঘদিন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের খেলা
ভলিবল ছাড়াও ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মোস্তফা কামাল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটি ও পদে নানা ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়, কোচ ও সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়া নিয়ে লেখালেখিও করেছেন।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অন্যতম সিনিয়র সদস্যও তিনি। ছয় যুগেরও বেশি সময় ক্রীড়াঙ্গনের অনেক খেলা ও সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলেও ভলিবলের কামাল হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত।
মোস্তফা কামালের নামাজে জানাজা রোববার বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ দাফন করা হবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কামালের মৃত্যুতে ক্রীড়া লেখক সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































