ছবি : আপন দেশ
বিএনপি সংস্কারের ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে।’
শনিবার (৩১ জানুয়ারি) রাতে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি তো সেই দল- একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে জানে।’
তিনি বলেন, ‘বিএনপি অগ্রগতি, উন্নয়ন, আগামীর কথা চিন্তা করে রাজনীতি করে। সেই জন্য বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে ২২ ডিসেম্বর ’২৩-এর জুলাইয়ে। নতুন ৫ আগস্টের পরে নয়। কাজেই যারা কথা বলেন, যারা আমাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদের বলব, আয়নায় চেহারা দেখুন, তারপর কথা বলুন। খালি কথার ফুলঝুরি দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। সুন্নতি লেবাস পড়েন, কিন্তু সত্য কথা বলেন না- খালি মোনাফেকের মতো কথা বলেন।’
দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আপনাদের বলতে চাই, বিএনপি সত্যের মুখোমুখি হতে চায়। বিএনপি সত্যকে ধারণ করতে চায়। বিএনপি আধুনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় তারেক রহমানের নেতৃত্বে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ডাকসু-মার্কা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন- ওই চিন্তা করবেন না। ওই চিন্তায় বালু, ওই চিন্তার কথা বলবেন না। যেকোনো ষড়যন্ত্র ভেস্তে যাবে। জনগণ আজ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে। কাজেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই নির্বাচনকে, জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না।’
আরও পড়ুন : নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমীর
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূর নয়- যেই দিন জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রায় নিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































