ছবি: সংগৃহীত
ইসরায়েলে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাচগান করার দাবি নাকচ করেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রে প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে মোদীর নাম উঠে আসার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর পরই তারা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এপস্টেইন ফাইলসে উদ্ধৃত একটি ই-মেইলে মোদীর নাম এসেছে। সেটি ২০১৭ সালের ইসরায়েল সফরের প্রেক্ষাপটে। এর বাইরে যেসব ইঙ্গিত বা দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ ধরনের প্রচারণা প্রত্যাখ্যান করেন।
নরেন্দ্র মোদী ২০১৭ সালে সরকারি সফরে ইসরায়েল যান। ১৯৯২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। কর্তৃপক্ষ জানায়, এপস্টেইনের অপরাধকাণ্ড এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সরকার কী জানত, তা জনসমক্ষে আনতেই এ নথিগুলো প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, সর্বশেষ দফায় প্রকাশিত নথিতে রয়েছে ৩০ লাখের বেশি পৃষ্ঠা। এছাড়া দুই হাজারের বেশি ভিডিও এবং প্রায় এক লাখ ৮০ হাজার ছবি রয়েছে। ডিসেম্বরে প্রাথমিক নথি প্রকাশের পর এবার আরও বিপুল পরিমাণ উপাদান যুক্ত হয়েছে।
আরও পড়ুন <<>> খামেনি প্রশাসনের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে: ট্রাম্প
‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এর আওতায় এসব নথি প্রকাশ করা হচ্ছে। এ আইনের মাধ্যমে এপস্টেইন ও তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল সংক্রান্ত সরকারি নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। যৌন অপরাধ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতারের এক মাসের মধ্যেই তার মৃত্যু হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তিনি আত্মহত্যা করেন।
প্রকাশিত একটি ই-মেইলে এপস্টেইনের দাবি রয়েছে, মোদী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে তার কাছে পরামর্শ নিয়েছিলেন। ওই ই-মেইলে আরও বলা হয়, সে পরামর্শ অনুসরণ করে মোদী ২০১৭ সালে ইসরায়েল সফর করেন। সেখানে গিয়ে তিনি নাচগান করেন বলেও এপস্টেইন দাবি করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































