ফাইল ছবি
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এ মতবিনিময় হবে। যা চলবে আগামী মঙ্গলবার (০১ ডিসেম্বর) পর্যন্ত।
শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যস্ত মতবিনিময় হবে।
এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন <<>> রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে ১৮০০ ভরি স্বর্ণ লুট
এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।
৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































