ছবি: আপন দেশ
বৈদেশিক মুদ্রা বিনিময়ে প্রধান মুদ্রা ডলারের দাম মাসাধিককাল ধরে বাড়ছে। চাহিদার চেয়ে বেশি ডলার কিনে কৃত্রিমভাবে দর বাড়ানোর অভিযোগ উঠেছে সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে। প্রাথমিক তথ্যে প্রমাণ মেলায় ১৬ ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের একাধিক দল তদন্তে নেমেছে বলে সূত্র জানিয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করবে তদন্ত দলগুলো। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ঠ সূত্র অনুযায়ী, তদন্তের আওতায় আসা ব্যাংকগুলো হচ্ছে- বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং সরকারি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকসহ ১৬টি ব্যাংক।
এ বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাওয়া হলে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন।
গত এক মাসের বেশি সময় ধরে ডলারের দর বাড়ছে। হঠাৎ করে চাহিদা ও দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে নামে কেন্দ্রীয় ব্যাংক। তার অংশ হিসেবে ব্যাংকগুলোকে আগাম সতর্ক করতে এক সভা করে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৫ নভেম্বর ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের ডাকা হয়।
সাম্প্রতিক সময়ে ডলারের দর বেড়ে যাওয়ার নানা কারণ ও যুক্তি তুলে ধরেন ব্যাংকারা। সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, আমদানি চাহিদা মেটানো ছাড়া রেমিটেন্স হাউজ বা বাজার থেকে ডলার না কিনতে। কৃত্রিমভাবে বা চাহিদা না থাকলেও ডলার কেনার সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তি ও ব্যাংক পর্যায়ে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
সভায় অংশ নেয়া একাধিক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, অনেক ব্যাংকেরই এলসি (আমদানি ঋণপত্র) নেই। কোনো কোনো ব্যাংকের তো আমদানি-রফতানি ব্যবসাও নাই। অন্যান্য ব্যাংকের মত তারাও ডলার কিনে চলছে।
এতে যাদের প্রয়োজন তারা বাধ্য হয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশি দরে ডলার কেনা শুরু করেন। এতেই দর বাড়ছে কিছুটা। এ বিষয়টি সভায় উপস্থাপন করা হয়।
তার পরপরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকে নিদের্শনা দেয়া হয় যে, চাহিদা না থাকলে ডলার না কিনতে। এরপরই প্রায় দেড় ডজন ব্যাংকের বিরুদ্ধে তদন্তে নামলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ঠ বিভাগ।
ডলারের দর যে বাড়ছে তার প্রমাণ মেলে আন্তব্যাংক মুদ্রাবাজারেও। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। এক সপ্তাহ আগেও দর উঠেছিল ১২৪ টাকা ৮৫ পয়সায়। আর খোলা বাজারে তা ১২৮ টাকা ১০ পয়সা ছাড়ায়।
আরও পড়ুন <<>> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
ডলারের দর বাড়তে শুরু করে মূলত গত অক্টোবরের শুরুতে। সে সময়ে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২৩ টাকা। গত মাসের শেষ কার্যদিবসে তা বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ৯৯ পয়সায়।
ডলারের দর স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে গত এক মাসে চা বার ডলার বিক্রি করেছে। এ সময়ে কোনো ডলার কিনেনি। এভাবে মোট ৪৬ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিময় হয় ১২৩ টাকা ৬৩ পয়সা থেকে বেরে এখন দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংক ডলারের যোগান দিলেও এক মাসের ব্যবধানে ডলারের দর বেড়েছে ১ টাকা ১২ পয়সা বা শূন্য দশমিক ৯০ শতাংশ। অথচ এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিলামের সময়ে ১২৪ কোটি ডলার কিনতে প্রস্তাব করে ব্যাংকগুলো।
বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে বা দর পতন হওয়ার শঙ্কা দেখা গেলে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে। ঠিক তেমনি ব্যাংকগুলোতে ডলারের চাহিদা বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। এটি হয় নিলামের মাধ্যমে।
গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক শুধু ডলার বিক্রিই করে গেছে। গত ১০ দিন আগে অর্থাৎ গত ১২ নভেম্বর ২০ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক, যার গড় দর ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা। আর সবশেষ গত ১ সেপ্টম্বর ব্যাংকগুলোর কাছ থেকে ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
যা বলছে সিটি ব্যাংক
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানও। মাসরুর আরেফিন আপন দেশকে বলেন, আমাদের মূল দায়িত্ব হলো নির্ধারিত সময়ে পেমেন্ট নিষ্পত্তি করা। একই সঙ্গে আমরা খেয়াল রাখি, যাতে গ্রাহকের কোনো আর্থিক বা সুনামগত ক্ষতি না হয়।
তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, সিটি ব্যাংক কৃত্রিমভাবে ডলারের দর বাড়ানোর কোনো কাজে জড়িত ছিল না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপন্থী কোনো কাজও করেনি।
দর বাড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বেড়েছে। এর মূল কারণ বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের সাময়িক অসামঞ্জস্য। যেসব শীর্ষস্থানীয় ব্যাংক সরকারি এলসি খোলে ও নিষ্পত্তি করে, এ মুহূর্তে তাদের ডলারের প্রয়োজন তুলনামূলক বেশি। তারা সে প্রয়োজন মেটাতে আন্তঃব্যাংক ও রেমিট্যান্স বাজার থেকে ডলার কেনে।
আপন দেশ/এবি
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































