Apan Desh | আপন দেশ

আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আগের তুলনায় সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি, নাশকতা ও সহিংসতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। 

তিনি বলেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে। জনগণের আস্থাও অর্জন করেছে। দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করতে বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সাহসিকতার জন্য আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি , আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার শপথ নিয়েই তারা চাকরিতে যোগ দেন।

আরও পড়ুন <> ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হয়েও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি স্বাগত জানিয়েছেন। তারা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। 

তবে শ্রমিকের ছদ্মবেশে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা চালানো হচ্ছে। দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এসব চেষ্টা সফল হবে না।

তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের ভেতরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেয়া হবে না। সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে সীমান্তের এপারে কিংবা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না।

প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

পুলিশ সদস্যদের অধিকাংশই আঘাতজনিত সমস্যায় চিকিৎসা নিতে আসেন উল্লেখ করে তিনি অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিকসের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহত ৮ পুলিশ সদস্য হাসপাতালে : সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। 

তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। 

তারা হলেন: দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়