ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা।
শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে এ হুমকি দেয়া হয়। লাইভ এবং কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।
হুমকিদাতারা হলেন, রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।
আরও পড়ুন<<>>নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































