Apan Desh | আপন দেশ

মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ২৩ নভেম্বর ২০২৬

মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ড

ছবি: আপন দেশ

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে স্টেকহোল্ডারদের মধ্যে বিভ্রান্তি বা উত্তেজনা এড়াতে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবটি এখনই প্রকাশ করা হচ্ছে না। এ কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। নামাজের বিরতি দিয়ে বিকেল প্রায় ৪টা পর্যন্ত আলোচনা চলে।

আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে চেয়ারম্যান জানান, সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্তও সভায় উপস্থাপন করা হয়েছে। আলোচনা শেষে পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হবে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, বোর্ডের সুপারিশ ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। তাই কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা এড়াতে প্রস্তাবটি আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের পরিবর্তে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণের আহবান জানান তিনি।

এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। প্রয়োজনে সংশোধিত প্রস্তাব দিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। দ্রুত সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত আলোচনা চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান।

আরও পড়ুন <<>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

বাবুল বলেন, শ্রমিকদের আন্দোলন মজুরি বোর্ডের সভার ওপর নির্ভরশীল নয়। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে পারে। তবে শ্রমিকদের কাজে ফেরার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। 

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়