Apan Desh | আপন দেশ

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ

ছবি: আপন দেশ

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বিশ্বের ৩৪টি দেশের। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। 

এ ছাড়া একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। তালিকাটি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। 

দেশগুলো হলো-সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

আরও পড়ুন <> জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এদিকে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অর্থাৎ এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধার আওতায় পড়বেন না।

অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ভিসা অব্যাহতির এ সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেয়া জরুরি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়