ছবি: আপন দেশ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় আজ থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে এ আয়োজন। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধন হবে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের আরেকটি স্লোগান ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস‘। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে শুধু সৈকত কেন্দ্রিক না রেখে দিন-রাতের বিনোদন ও নানা অভিজ্ঞতার সমন্বয়ে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সুপারিনটেনডেন্ট নিশাত অ্যাঞ্জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
আরও পড়ুন <> ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক
সন্ধ্যার পরও পর্যটকদের ব্যস্ত রাখার পরিকল্পনা : স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়।
এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।
তিনি বলেন, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য থাকবে কিডস জোন, সকালে যোগ ব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আন্তর্জাতিক শিল্পীদের হাতে তৈরি হবে বালুর ভাস্কর্য : কার্নিভালের অন্যতম আকর্ষণ হবে আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে।
বাংলাদেশি বালু শিল্পী জীবন রায় বলেন, ২০১২ সালে বালু শিল্পের সঙ্গে তার পথচলা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে বালুর ভাস্কর্য তৈরি করা। এবার সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য, জেলে ও কৃষকের জীবনসংগ্রাম বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।’
ক্যাম্পিং, ক্যাম্পফায়ার ও তারাভরা আকাশ : কার্নিভালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা নির্দিষ্ট জায়গায় বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে।
নিরাপত্তায় সিসিটিভি ও এআই প্রযুক্তি : ৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভালে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারির ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































