Apan Desh | আপন দেশ

দুদকের অদ্ভুত অনুসন্ধান, কাঠগড়ায় তদন্ত সহযোগী প্রশাসক!

আফজাল বারী, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

দুদকের অদ্ভুত অনুসন্ধান, কাঠগড়ায় তদন্ত সহযোগী প্রশাসক!

ছবি: এআই জেনারেট

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএসএফ) প্রতিষ্ঠান নগদ লিমিটেড। এ প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লুটেরাদের কেউ গ্রেফতার হয়নি। অধরা আসামিদের দেশত্যাগ ঠেকাতেও দৃশ্যমান উদ্যোগ নেই।

উল্টো দুদকের অনুসন্ধানে সহযোগিতাকারী প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা। সংস্থাটির এমন অদ্ভুত অনুসন্ধান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দুদক নগদ লিমিটেডের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে। আর ‘নগদ’ এ প্রশাসক হিসেবে মোতাছিম বিল্লাহকে নিয়োগ দেয়া হয় এরও ১৫ দিন পর। অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি। 

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক এ কর্মকর্তা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েই সহযোগিতা করতে শুরু করেন দুদকের অনুসন্ধানে। কোন প্রক্রিয়ায়, কোন ফাঁক-ফোঁকড়ে আওয়ামী শাসনামলে ‘নগদ’ অর্থ লোপাট করেছে, কারা এর সঙ্গে জড়িত-ইত্যাদি তথ্য-উপাত্ত সরবরাহ করেন। লুটেরাদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টকরণসহ সংস্থাটির অনুসন্ধানে সর্বান্তকরণে সহযোগিতা করছিলেন। কিন্তু দায়িত্বগ্রহণের ৬৩৪ দিনের মাথায় প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগেই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। অর্থাৎ যে ঘটনা তার দায়িত্ব গ্রহণেরও বহু আগে সংঘটিত হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ হিসেবে নিষেধাজ্ঞা দেয়া হলো তাকেই। এমন অদ্ভুত এক অনুসন্ধান পরিচালনা করছে ‘দুর্নীতি দমন কমিশন’ নামের সংস্থাটি।

আরও পড়ুন <<>> দুদকের কয় বছরে হাইকোর্টের তিন মাস?

সর্বশেষ তথ্য অনুযায়ী, নগদ লিমিটেডের তহবিলের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ‘খতিয়ে দেখা’র পর্যায়ে গত ২৩ নভেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 

সংস্থাটির আবেদনে বলা হয়, পরষ্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়।

সংস্থাটির একাধিক সূত্র জানায়, ২০২১ সালের মার্চ/এপ্রিল থেকে ২০২৪ সালের নভেম্বর/ডিসেম্বর পর্যন্ত সময়কারে নগদের মাধ্যমে বিতরণ করা সরকারি ভাতার অব্যবহৃত অর্থ সফটওয়্যার জালিয়াতি ও ভুয়া উদ্যোক্তা-ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আত্মসাৎ, অতিরিক্ত ‘ই-মানি’ তৈরি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ দুদকের অনুসন্ধানের বিষয়বস্তু। উক্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৭ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন, ‘নগদ লিমিটেডের তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তানভীর আহমেদ মিশুক, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, তৎকালিন নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম, তৎকালিন পরিচালক মারুফুল ইসলাম ঝলক, আমিনুল ইসলাম, নিয়াজ মোর্শেদ এবং ফয়সাল আহসান চৌধুরী। এর মধ্যে তানভীর আহমে মিশুক এবং সংশ্লিষ্টদের অন্তত ৭৮৬ কোটি টাকার শেয়ার আদালতের নির্দেশনা নিয়ে অবরুদ্ধ করেছে দুদক।

আরও পড়ুন <<>> বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক মোতাছিম বিল্লাহর পরিদর্শন ও দুদকের প্রাথমিক অনুসন্ধানে নগদের অন্তত ২ হাজার ৩০০ কোটি টাকা থেকে ২ হাজার ৩৫৬ কোটি টাকার গরমিল ও দুর্নীতির তথ্য উঠে আসে। এর মধ্যে ৬৪৫ কোটি টাকার অবৈধ ‘ই-মানি’ (নগদ অর্থ ছাড়াই তৈরিকৃত ইলেকট্রনিক অর্থ) সৃষ্টি এবং প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি পাচারের তথ্য রয়েছে। 

২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নগদের মাধ্যমে ২৪ হাজার ১৫৯টি ভুয়া ডিএসও এবং ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের অ্যাকাউন্টের মাধ্যমে তানভীর মিশুক গং পরষ্পর যোগসাজশে সরিয়ে নেন এ অর্থ। বিপুল এ অর্থ সরিয়ে ফ্যাসিস্ট হাসিনার এ লুটেরাচক্র এখন পলাতক। তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক এবং দুদক পৃথক মামলা করেছে।

গত বছর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে এ মামলা করেন। এতে তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৯ জন ডাক বিভাগের কর্মকর্তা। এ মামলায় ৬৪৫ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন <<>> ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক

এজাহারে বলা হয়, রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কারও অর্থ ইস্যু করার ক্ষমতা নেই। অথচ মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্তসহ অনাকাঙ্খিত মূদ্রাস্ফীতিও  তৈরি হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন, ‘নগদ লিমিটেডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, সাবেক সিইও তানভীর আহমেদ মিশুক, বিদেশী পরিচালক গিলস অলস্টেয়ার জেমস ফার্লে, তৎকালিন পরিচালক শাফায়েত আলম, মারুফুল ইসলাম ঝলক, আমিনুল হক, নিয়াজ  মোর্শেদ, ফয়সাল আহসান  চৌধুরী, এম তামজিদ রহমান, সৈয়দ আরশাদ  রেজা, মিজানুর রহমান, রাহেল আহমেদ ও  রেজাউল  হোসেন। এ ছাড়া নগদের কর্মকর্তা রাকিবুল ইসলাম, আবু রায়হান ও আশীস চক্রবর্তীকেও আসামি করা হয়েছে। ডাক বিভাগের তৎকালিন মহাপরিচালক (ডিজি) সুশান্ত কুমার মন্ডল, সুধাংশু শেখর ভদ্র, বাহিজা আক্তার, সিরাজউদ্দিন, ফয়জুল আজিম, হারুনুর রশীদ, তরুণকান্তি সিকদার এবং এস.এম. শাহাবুদ্দিনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন <<>> ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক

এর চার মাস পর গত বছর ৪ জুন দুদকের সহকারি পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায়ও  ৬৪৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলা অভিযোগ আনা হয়। আসামি করা হয় ৯ জনকে। এরা হলেন- নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, তৎকালিন নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চীফ  টেকনোলজি অফিসার মো. আবু রায়হান, হেড অব ফিন্যান্স (অপারেশন) মো: রাকিবুল ইসলাম, চীফ ফিন্যান্স অফিসার আফজাল আহমেদ, চীফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

দুদকের এজাহারে বলা হয়, নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ৯ জন কর্মকর্তা পরস্পর যোগসাজশে ২০২১ সালের ১ মার্চ  থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ট্রান্সকাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমা থাকা প্রকৃত অর্থের তুলনায় ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকা ৯০ পয়সা বেশি ই-মানি ইস্যু করেন। পরে এ ‘ই-মানি’ অনুমোদনবিহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে ‘রিফান্ড’ দেখিয়ে আত্মসাৎ করা হয়। এ সময়ে হিসাবপত্রে মিথ্যা বর্ণনা, জাল প্রতিবেদন উপস্থাপন এবং প্রোডাকশন ডাটাবেজ থেকে কাস্টমাইজড রিপোর্ট তৈরি করে জালিয়াতির ঘটনা আড়াল করার চেষ্টা চালান। এ মামলার ভিত্তিতে দুদক গত ১৩ সেপ্টেম্বর নগদে থাকা তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করেছেন আদালত।

দুদক সূত্র জানায়, দু’টি মামলা তদন্তাধীন থাকলেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি সংস্থাটি। আসামিদের অনেকেই দেশের ভেতর আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাদের গ্রেফতারের বিন্দুমাত্র প্রচেষ্টা নেই। নেই আদালতের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানেরও। দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক ‘উদাসীনতা’য় উপরন্তু এজাহারভুক্ত আসামি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টরা ‘পলাতক’ অবস্থায়ই জব্দকৃত অর্থ ও শেয়ার ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে কিছুদিন আত্মগোপনে থেকে তানভীর আহমেদ মিশুকসহ কয়েকজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন-মর্মে প্রচারণা রয়েছে। এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হালনাগাদ কোনো তথ্যও নেই।

 আরও পড়ুন <<>> বসুন্ধরার পাচারের টাকায় তিন মহাদেশে আট সাম্রাজ্য!

সূত্রটি জানায়, শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সংশ্লিষ্ট তানভীর আহমেদ মিশুক নেতৃত্বাধীন এ লুটেরাচক্র এখন জব্দকৃত শেয়ার-অর্থ ছাড় করাতে মরিয়া হয়ে উঠেছে। এ লক্ষ্যে ক্ষমতাসীনদের প্রভাবশালী একটি সিন্ডিকেট মিশুকদের হাতে শেয়ার ফিরিয়ে দিতে কিংবা ‘নগদ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি তাদেরই হাতে ফিরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে লুটেরাদের দায়-দায়িত্ব চিহ্নিতকারী প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে সরিয়ে দিতে মরিয়া। ঘটনার অনেক পরে নিয়োগ পাওয়া এ প্রশাসকের ওপর চাপ সৃষ্টি করতেই অদৃশ্য ইশারায় এখন উল্টো তাকেই অনুসন্ধান-তদন্তের আওতাভুক্ত করার চেষ্টা চলছে। আর এ লক্ষ্যে গতকাল সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়