ফাইল ছবি, আপন দেশ
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গৃহায়ন ধানমন্ডি আবাসিক প্রকল্পের আওতায় ২৫টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ।
এজন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি রোড-৬/এ-এর ৬৬৪/এ নম্বর বাড়িতে নির্মিত এসব ফ্ল্যাটের মধ্যে ১ হাজার ৮৫০ বর্গফুট আয়তনের ১৩টি এবং ২ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটগুলোর আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত। এগুলো প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে।
আরও পড়ুন<<>>চাহিদা মিটিয়ে রফতানির পথে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
আগ্রহী আবেদনকারীদের ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ ও পূরণ করা আবেদনপত্র জমা দেয়া যাবে।
এ জন্য রাজধানীর ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের শাখাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
ফ্ল্যাট বরাদ্দ না পেলেও আবেদনের অর্থ আর ফেরত দেয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.nha.gov.bd) পাওয়া যাবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































