ছবি: এআই জেনারেট
বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো গোপন সমীকরণ তৈরি হচ্ছে? একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, রাজনৈতিক কার্যালয়, যানবাহন ও সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে।
অন্যদিকে বিএনপি ও এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব বাড়ছে। কিন্তু আওয়ামী লীগবিরোধী রাজনীতিতে জামায়াতের ভূমিকা, তাদের আন্দোলনের অগ্রাধিকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে দলটির অতীত ও সাম্প্রতিক কিছু আচরণ নতুন প্রশ্ন তৈরি করেছে।
আওয়ামী লীগ ও জামায়াত- দুই দলের প্রকাশ্য রাজনৈতিক অবস্থান যতই বিপরীত হোক, ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক সুবিধার প্রশ্নে তাদের মধ্যে কি কোনো অপ্রকাশিত বোঝাপড়া রয়েছে? বাংলাদেশের রাজনীতিতে অতীতের ঘটনাপ্রবাহ বলছে, আদর্শিক শত্রুতার চেয়ে রাজনৈতিক স্বার্থ অনেক সময় বড় হয়ে উঠেছে।
জ্বলছে কার ঘর, লাভবান হচ্ছে কারা?
সংঘাতের আগুন শুধু এক দলের ঘরে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে বড় উদাহরণ গোপালগঞ্জ। ১৯ নভেম্বর রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার সমর্থকদের দেশব্যাপী কর্মসূচি কেন্দ্র করে বিএনপির দুই এমপির বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে দিয়েছে আগুন। ১৭ নভেম্বর ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় বিএনপির এক নেতা নিহত হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে আরও দুই নেতাকে হত্যা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, রেললাইন ক্ষতিগ্রস্ত করা, ককটেল বিস্ফোরণ এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

এর আগে ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। পাঁচজন নিহত হন। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয় পুড়িয়েছে। পাল্টা আক্রান্ত হয়েছে আন্দোলনকারীরাও। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরও পোড়ানো হয়েছে। পটুয়াখালীতে আওয়ামী লীগের সাত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ।
তবে রাজনৈতিক প্রশ্নটি অন্য জায়গায়- আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও এনসিপির প্রতিরোধ যতটা দৃশ্যমান, জামায়াতের প্রধান রাজনৈতিক তৎপরতা ততটাই গণভোটের রায় বাস্তবায়ন ও বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টিতে কেন্দ্রীভূত। এ অগ্রাধিকারের রাজনীতি কি আওয়ামী লীগের জন্য পরোক্ষ সুবিধা তৈরি করছে?
শেখ হাসিনার ফেরা, দিল্লির কূটনৈতিক চাল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, তার প্রত্যাবর্তনের ঘোষণা ও আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কেও রয়েছে অস্বস্তিকর টানাপোড়েন। শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত, সীমান্ত হত্যা, বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে দিল্লি ও ঢাকা সম্পর্ক স্বাভাবিক করার আলোচনাও চালিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতের কূটনৈতিক চাল এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের হিসাব- দুটিই এখন গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের ভারতনির্ভর রাজনৈতিক অবস্থান এবং জামায়াতের নিজস্ব রাজনৈতিক হিসাবকে একই সমীকরণে বিশ্লেষণ করা প্রয়োজন।
শর্তের রাজনীতি ও মুখোশের প্রশ্ন
সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবস্থান দেখা যাচ্ছে জামায়াতের সাম্প্রতিক বক্তব্যে। সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১৭ জুলাই বলেছিলেন, গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকবে না। গত ১৮ নভেম্বর বলেছেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে সংসদীয় প্রক্রিয়ায় সরকারকে সহযোগিতা করবে। কিন্ত একই দাবিতে গত ১৯ নভেম্বর দলটি ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে। এসব কর্মসূচির প্রধান দাবি গণভোট, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সংলাপ; আওয়ামী লীগবিরোধী সর্বাত্মক প্রতিরোধ নয়।
এখানেই রাজনৈতিক প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানো যদি জামায়াতের প্রধান অগ্রাধিকার হয়, তাহলে সে প্রতিরোধে তাদের রাজনৈতিক তৎপরতার দৃশ্যমানতা কোথায়? গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারের ওপর চাপ বজায় রাখাই কি এখন তাদের প্রধান রাজনৈতিক লক্ষ্য? আওয়ামী লীগবিরোধী বৃহত্তর প্রতিরোধের চেয়ে নিজেদের সাংবিধানিক ও রাজনৈতিক দাবিকে অগ্রাধিকার দেয়ার কৌশল কি পরোক্ষভাবে আওয়ামী লীগকে মাঠে জায়গা করে দিচ্ছে?
আরও পড়ুন <<>> ওয়ান-ইলেভেনে মাইনাস ফর্মুলার অপ্রকাশিত গল্প
সাম্প্রতিক সময়ে জামায়াতের সাংগঠনিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে। একদিকে নৈতিক রাজনীতির দাবি, অন্যদিকে দলের এমপি ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ-রাজনৈতিক ও সাংগঠনিক জবাবদিহির প্রশ্নবানে জর্জরিত হচ্ছে।
২০২৬ সালের জুলাইয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নারী কেলেঙ্কারীর দায়ে দল থেকে বহিষ্কার করে জামায়াত। তবে এমপি থেকে সরানোর আবেদন করেনি। সেপ্টেম্বরে তার কথিত দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা হয়। তাকে গ্রেফতার,রিমান্ডে নেয়া হয়। অন্যদিকে পটুয়াখালীতে যুব জামায়াতের এক স্থানীয় নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। আরেক এমপি মাওলানা আমীর হামজার বিরুদ্ধেও তথৈবচ অভিযোগ। দু’একদিন পরপরই তাদের কর্মী-সমর্থক জনতার হাতে আটক হচ্ছে পরকীয় বা বলাৎকারের দায়ে।
স্বার্থে ইতিহাস কি ফিরছে?
১৯৯৪-৯৬ সালে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টি হাতেহাত মিলিয়েছিল। তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। হরতাল, অবরোধ ও সংসদ বর্জনের কর্মসূচিতেও তাদের রাজনৈতিক সমন্বয় ছিল। ১৯৮৬ সালেও আওয়ামী লীগ ও জামায়াত পৃথকভাবে এরশাদের নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়েছিল। অংশ নেয়ার আগে শেখ হাসিনার ঘোষণা ছিল ‘এরশাদের সঙ্গে যারা নির্বাচনে অংশ নেবে তারা হবে জাতীয় বেঈমান’। অর্থাৎ আদর্শের প্রশ্নে বিরোধ থাকলেও রাজনৈতিক সুবিধার প্রশ্নে সমঝোতার নজির আছে।

আজকের বাস্তবতায় সে ইতিহাস নতুন করে প্রাসঙ্গিক। আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ খুঁজছে। জামায়াত সংসদ ও রাজপথে শক্তি সঞ্চার করছে। দুই পক্ষের স্বার্থ কোনো পর্যায়ে মিলে গেলে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া অসম্ভব কিছু নয়।
বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছু নেই; স্থায়ী থাকে ক্ষমতা ও স্বার্থের হিসাব। আওয়ামী লীগ ও জামায়াতের অতীত তার সাক্ষী। এখন প্রশ্ন, বিএনপি সরকারকে চাপে রাখা, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এবং আওয়ামী লীগের ফিরে আসার মধ্যে কোনো পক্ষ কি পরোক্ষভাবে অন্য পক্ষের রাজনৈতিক সুবিধা তৈরি করছে?
ঘর পুড়ছে, রাজপথ উত্তপ্ত, ক্ষমতার হিসাব চলছে। প্রকাশ্যে শত্রুতা থাকলেও পর্দার আড়ালে স্বার্থের কোনো সেতু তৈরি হচ্ছে কি না। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় অনুসন্ধানের বিষয় সেটিই।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































