Apan Desh | আপন দেশ

রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে ১৮০০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৯, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে ১৮০০ ভরি স্বর্ণ লুট

ছবি: আপন দেশ

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। এ ছাড়া রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের ভাষ্য, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে তারা।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

ধানমন্ডি থানার ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, স্বর্ণ লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

ডিএমপির রমনার ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সিআইডি একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে পায় পুলিশ। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় শুয়ে ছিলেন। পুলিশকে তিনি জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন।

আব্দুর রহিম আরও জানান, ঘটনার সময় তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তাকর্মী সালাম তাকে জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও কলা খান। কলা খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব সাংবাদিকদের জানান, তিনি শিফট অনুযায়ী রাতে ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণ লুটের বিষয়টি জানতে পারেন। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জোবায়ের বলেন, এবার স্বর্ণের দোকান একেবারে খালি করে ফেলেছে দুর্বৃত্তরা। কোথাও কোনও স্বর্ণ রেখে যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প