ছবি: আপন দেশ
দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরে আসতে পারবে না। এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিদেশের মাটি থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে, যা তাদের পুরোনো অভ্যাস। তবে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের সে চেষ্টা সফল হতে দেয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরদাসী কোনো পতিত শক্তি যখন পুনরায় রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে, তখন তা রুখে দিতে আমরা সবাই এক থাকব। ইনশাআল্লাহ, এ প্রশ্নে সারা বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ রয়েছে।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে মাদক বিরোধী মতবিনিমিয় সভা
গণতান্ত্রিক চর্চার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে এবং তর্ক-বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সে ঐক্য আবারও গড়ে তোলা হবে। সে সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় এমপি শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ বাৎসরিক মাহফিলে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নিয়েছেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































