ছবি: আপন দেশ
লেনদেনব্যবস্থাকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। যার ফলে রাজস্ব ফাঁকি ও আর্থিক খাতের অনিয়ম বন্ধ হবে। এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, অটোমেশনের মাধ্যমে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন ও নজরদারি করা সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে গোপন লেনদেন ও রাজস্ব ফাঁকির সুযোগ কমবে। ব্যবসার খরচ কমার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতাও বাড়বে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে তিনি এ কথা বলেন। এদিন স্থানীয় এলসি লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধন অনুষ্ঠান হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতিকেও সে বাস্তবতার সঙ্গে তাল মেলাতে হবে।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে ব্যবসার ব্যয় কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন। কেন্দ্রীয় ব্যাংক, শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর আন্তসংযোগ প্রয়োজন।
বীমা খাতের অনিয়মের উদাহরণ তুলে ধরে আমির খসরু বলেন, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট দেয়া হয়েছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম ছাড়াই কাভার নোট নেয়ার ঘটনা ঘটেছে। এতে সরকার রাজস্ব হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররাও। সংশ্লিষ্ট পক্ষগুলোও নানা সমস্যায় পড়েছে।
এ ধরনের অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, এলসি সংশ্লিষ্ট ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একই ব্যবস্থা ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও কার্যকর করা হবে। এছাড়া বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে একই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ রয়েছে।
সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, অংশীজনদের সম্পৃক্ত না করে কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। সংশ্লিষ্টরা সহযোগিতা না করলে যত উদ্যোগই নেয়া হোক, তার সুফল পাওয়া যাবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ‘বার্তা’ প্ল্যাটফর্মের কার্যক্রম ও সুবিধা তুলে ধরেন। তারা জানান, আগে স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ব্যবহার করা হতো। ফলে স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশে সুইফটের নেটওয়ার্কে যেত। সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছানোর পর সরবরাহকারীর কাছে পাঠানো হতো।
এ প্রক্রিয়ায় প্রতিটি এলসির জন্য গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো। অর্থটি বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি দেশের ভেতরে সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ ছিল না। পুরনো কোনো তথ্য প্রয়োজন হলে সুইফটের কাছে আলাদাভাবে আবেদন করতে হতো।
নতুন প্ল্যাটফর্মে বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। ফলে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাঠানোর প্রয়োজন পড়বে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক থেকেই তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন <<>> ‘বার্তা’ চালু, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছিল। প্রতিটি এলসির বিপরীতে ১ হাজার ৫০০ টাকা হিসাবে মোট ব্যয় হয়েছে ৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৪০ হাজার ডলার। বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় বাদ দিলে নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।
নতুন ব্যবস্থায় স্থানীয় এলসির জন্য কোনো মেসেজিং ফি দিতে হবে না। ফলে এ অর্থ সাশ্রয় হবে। একটি ব্যাংক এলসি খুললেই সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তাৎক্ষণিকভাবে জানতে পারবে। এলসিতে সংশোধনের প্রয়োজন হলেও তা দ্রুত করা যাবে। এতে এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় নথি আদান-প্রদানে সময় কমবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শেষ পর্যন্ত সাধারণ মানুষও কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে উপকৃত হবেন।
তিনি জানান, ব্যবসায়ীদের আর্থিক ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। এছাড়া ব্যবসায়ীদের জন্য ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে। এর মাধ্যমে সুদে ভর্তুকি দেয়া হচ্ছে।
বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণেও স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন গভর্নর। তার ভাষ্য, স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থার মাধ্যমে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ করা হবে। এতে কারসাজির সুযোগ কমবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ ব্যবস্থা চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এছাড়া আন্তর্জাতিক এলসির কাগজপত্র পাঠানোর প্রক্রিয়াও ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে কুরিয়ার খরচ কমার পাশাপাশি নথি পাঠানোর সময় এক থেকে দুই দিনে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, নতুন প্ল্যাটফর্মে এলসি খোলা থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য পর্যবেক্ষণ করা যাবে। আগে বাণিজ্যিক ব্যাংকগুলো তথ্য সরবরাহ না করলে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে সব তথ্য পেত না। নতুন ব্যবস্থায় সরাসরি তথ্য পাওয়ায় কোনো এলসি মেয়াদোত্তীর্ণ বা বকেয়া থাকলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এতে রফতানিকারক ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে সমন্বয় বাড়বে। দেশীয় শিল্পের পশ্চাৎমুখী সংযোগ বা ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী হবে। রফতানিতে স্থানীয় মূল্য সংযোজনও বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা।
‘বার্তা’ প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তিগত ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে এনক্রিপ্টেড ভিপিএন, ফায়ারওয়াল, প্রতিটি এপিআই কলের জন্য টোকেনভিত্তিক যাচাই এবং ব্যবহারকারীদের জন্য দ্বিস্তরীয় লগইন।
প্রতিটি লেনদেন অনুমোদনে মেকার, চেকার ও অথরাইজার- এ তিনটি ধাপ অনুসরণ করতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য আলাদা পাওয়ার-অন পাসওয়ার্ড ও সিস্টেমে প্রবেশের পাসওয়ার্ড থাকবে। সব মিলিয়ে একটি বার্তা অনুমোদনে ছয়টি পাসওয়ার্ডের নিরাপত্তাস্তর কাজ করবে। এতে অননুমোদিত প্রবেশ ও তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও এ উদ্যোগের বড় অর্জন হলো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা তৈরি। নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ও ব্যবস্থা গড়ে তোলার আত্মবিশ্বাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রফতানির পণ্যের মূল্য ও লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাজও সহজ হতে পারে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, স্থানীয় এলসির ক্ষেত্রে প্রতিটিতে ১ হাজার ৫০০ টাকা করে মাশুল পোশাকশিল্পের জন্য বড় ব্যয় ছিল। কারণ রফতানি আদেশ পাওয়ার পর কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো এলসির পরিমাণ ৭০০, ১ হাজার বা ১ হাজার ৫০০ ডলার হলেও সংখ্যা থাকে অনেক বেশি।
নতুন প্ল্যাটফর্মে খরচ কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং বিরোধ নিষ্পত্তি সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে ব্যাংকের এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ এখনো ব্যবসার বড় ব্যয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে দর-কষাকষিতে সুবিধা পান না। এসব চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রয়োজন বলে মনে করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































