Apan Desh | আপন দেশ

রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ২২ নভেম্বর ২০২৬

রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

ফাইল ছবি

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করায় পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক জিএমসহ দুই কর্মকর্তাকে সাজা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাদের এ সাজা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালতে এ রায় দেয়া হয়।

দুদকের পিপি মো. এনামুল ইসলাম বলেন, সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছরের সাজা দেয়া হয়েছে। এছাড়া আরেক কর্মকর্তা সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) গোলাম কিবরীয়াকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

তিনি বলেন, রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়। আর ইউসুফ আলী মৃধা পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলার আরেক আসামি নিয়োগ প্রত্যাশী মো. সরোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. এনামুল ইসলাম।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দফতর সিআরবিতে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওই পদে আবেদনকারীদের মধ্যে ৭০ জনকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র দেয়া হয়। পরীক্ষায় ৩৭ জন অংশ নিয়ে চারজন উত্তীর্ণ হন।

মামলায় অভিযোগ, মৌখিক পরীক্ষার জন্য মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা প্রার্থীদের তালিকা নিয়োগ কমিটির কাছে না দিয়ে গোলাম কিবরীয়া নিজের একটি তালিকা তৈরি করেন। লিখিত পরীক্ষার মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করেন।

ফলে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট প্রাপ্ত নম্বরে এগিয়ে যান মো. সরোয়ার হোসেন। সবশেষে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।

আরও পড়ুন <<>> আ.লীগের সাবেক এমপি দোলনের ৭ দিনের রিমান্ড

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সে সময়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।

সেসময় রেলের নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হলে জিএম ইউসুফ আলী মৃধা ও এসডব্লিউও গোলাম কিবরীয়া বরখাস্ত হয়েছিলেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ মামলায় ২০১৮ সালের ২৫ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় দেয়া হল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: