ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এরপরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
মামলার এজাহার অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন<<>>শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছিল।
মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।
এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে, বলেন ওই কর্মকর্তা।
তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল এবং মামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।
জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর তিনি কারাগারে রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































