ফাইল ছবি
জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঋণ নিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ ঋণ বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত উন্নয়নের লক্ষ্যে গত ৯ নভেম্বর ‘ই-ঋণ’ (e-loan) পুনঃ অর্থায়ন স্কিমটি সার্কুলার নম্বর ০২-এর মাধ্যমে হালনাগাদ করা হয়েছে। স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>‘শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা’
এ স্কিমের আওতায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন গ্রাহকরা। ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী, দূরবর্তী এলাকায় বসবাসরত ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ, প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন।
ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১২ মাস। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা দেবে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এ ঋণ সহায়তা উপকারভোগীদের আয়বর্ধক কর্মকাণ্ড বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়বে। এর ফলে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার অগ্রযাত্রাও ত্বরান্বিত হবে।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































